সাতক্ষীরায় পুরাতন থানা ভবন ভাঙার সময় বিস্ফোরণ, আহত ২ শ্রমিক
স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:২৮ পিএম
সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার কাজ করার সময় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুরাতন থানা ভবনের ফ্লোরের নিচের মাটি কাটার সময় শ্রমিক রফিকুল ইসলাম কোদাল দিয়ে মাটিতে আঘাত করলে সেখানে থাকা একটি পরিত্যক্ত বিস্ফোরক সদৃশ বস্তু বিস্ফোরিত হয়।
এতে রফিকুল ইসলামের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় পাশে থাকা আরেক শ্রমিক কামরুল হাসানও আহত হন। তার ডান পায়ে আঘাত লাগে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পুরাতন থানা ভবন ভাঙার কাজ প্রায় শেষ দিকের সময় একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আতশবাজি জাতীয় কোনো বস্তু হতে পারে।
/এমএসটি