×
Logo

সারাদেশ

চালক গ্রেফতার

রংপুরে বাস চাপায় শিক্ষকের মৃত্যু, জনতার বিক্ষোভে পুড়ল বাস

রংপুর ব্যুরো

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০২:০৯ পিএম

রংপুরে বাস চাপায় শিক্ষকের মৃত্যু, জনতার বিক্ষোভে পুড়ল বাস

রংপুর মহানগরীর মডার্ন মোড়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। এ সময় রংপুর বিভাগের পাঁচ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ ছিল।

রোববার (১২ জুলাই) সকাল ১০টার দিকে তুলা উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে তুলা উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন স্থানীয় জিয়াদ পুকুর দাখিল মাদরাসার সহকারী সুপারিনটেনডেন্ট আবুল কাশেম (৪৫)। তিনি চার বছর বয়সী মেয়ে তাসফিয়াকে মাদরাসায় পৌঁছে দিতে এসেছিলেন। এ সময় রংপুর থেকে ঢাকাগামী আর এম স্পেশাল কোচ (ঢাকা মেট্রো-ব-১৩-১৯৮২) পেছনে ব্যাক করার সময় তাদের চাপা দেয়। এতে শিশু তাসফিয়া অক্ষত থাকলেও ঘটনাস্থলেই মারা যান আবুল কাশেম।

নিহত আবুল কাশেম মিঠাপুকুর উপজেলার ছড়ান বালুয়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। কর্মস্থলের কারণে তিনি রংপুর নগরীর ধর্মদাস মিলনপাড়া এলাকায় বসবাস করতেন।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি আটকে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা রংপুর-ঢাকা ছয় লেন মহাসড়ক অবরোধ করলে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটে। মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটির প্রায় পুরো অংশ পুড়ে যায়।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসচালক মর্তুজা (৫৬)-কে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তিনি রংপুর নগরীর আলমনগর এলাকার বাসিন্দা।

ফায়ার সার্ভিস রংপুরের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ারুল হক বলেন, স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রথমে কিছু মানুষ বাধা দিলেও পরে তাদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

তাজহাট মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে জনতার কাছ থেকে হেফাজতে নেয় এবং গ্রেফতার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

/এমএসটি 

Logo