×
Logo

সারাদেশ

তেঁতুলিয়া সীমান্তে নারী-শিশুসহ ১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

পঞ্চগড় করেসপনডেন্ট

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৬:১৫ পিএম

তেঁতুলিয়া সীমান্তে নারী-শিশুসহ ১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে তাদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

শনিবার (১১ জুলাই) সকাল ৭টার দিকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের তেঁতুলিয়ার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের মেইন পিলার ৪৩৪-এর ৫ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাঝিপাড়া সীমান্তের ভারতের অভ্যন্তরে নয়াবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা শনিবার ভোরে শিশুসহ মোট ১৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এ সময় বিজিবির টহলদল ঘটনাস্থলে পৌঁছে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করে। বিজিবির অবস্থানের মুখে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ। তবে স্থানীয়দের দাবি, বিজিবির টহল যেন আরও জোরদার করা হয়।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বিষয়টি নিশ্চিত করে বলেন, পুশইনের চেষ্টা করা ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে ছিল। দায়িত্বরত বিজিবি সদস্যদের তৎপরতায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বর্তমানে সীমান্তের শূন্যরেখায় কোনো ব্যক্তির অবস্থান বা চলাচল নেই। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুরো এলাকায় বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে।

/এসআইএন

Logo