×
Logo

সারাদেশ

ফরিদপুরের সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা, বরখাস্ত ৫

ফরিদপুর করেসপনডেন্ট

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৫:৫৬ পিএম

ফরিদপুরের সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা, বরখাস্ত ৫

ফরিদপুরে সমাজসেবা অধিদফতরের অধীন সরকারি শিশু পরিবারের (সরকারি এতিমখানা) বালিকা শাখার ষষ্ঠ শ্রেণির এক কিশোরী (১৪) ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত দর্জি মো. ওয়াহিদ শেখকে (৫৪) গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া দায়িত্ব অবহেলার দায়ে শিশু পরিবারের ৫ কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

ঘটনাটি জানাজানি হওয়ার পর গত ৬ জুলাই ফরিদপুর সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক ও শিশু নিবাসের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আরিফ হোসেন বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ গত ৮ জুলাই সদর উপজেলার আদমপুর গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে মো. ওয়াহিদ শেখকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী শহরের টেপাখোলা এলাকার একটি স্কুলে পড়াশোনা করে। শিশু পরিবার থেকে স্কুলে যাতায়াতের পথে গত ৫ জানুয়ারি বিকেলে দর্জির দোকানের মালিক ওয়াহিদ শেখ তাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এজাহারে আরও উল্লেখ করা হয়, এরপর ওই ব্যক্তি তাকে একাধিকবার ধর্ষণ করেছে।  

সম্প্রতি কিশোরীটি অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, সে ২৭ সপ্তাহ ও দুই দিনের অন্তঃসত্ত্বা।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর দায়িত্ব অবহেলার দায়ে গত ৮ জুলাই ৫ কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন-সহকারী তত্ত্বাবধায়ক মো. হাবিবুর রহমান, কম্পিউটার অপারেটর আবীর দাস, মেট্রন-কাম-নার্স মনি আক্তার এবং আয়া শামসুন্নাহার আক্তার ও তানিয়া তাজরীণ।

জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামান জানান, ভুক্তভোগী কিশোরীকে বর্তমানে আদালতের নির্দেশে সমাজসেবা বিভাগের অধীন নারী ও শিশু কিশোরী হেফাজতিদের আবাসন কেন্দ্রে রাখা হয়েছে।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার পরপরই দ্রুততার সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

/এমএসটি 

Logo