×
Logo

সারাদেশ

রাঙ্গুনিয়ায় পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে বন্যা, যুবক নিখোঁজ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৫:১১ পিএম

রাঙ্গুনিয়ায় পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে বন্যা, যুবক নিখোঁজ

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে একাধিক ইউনিয়ন প্লাবিত হয়েছে। একইসঙ্গে, পাহাড়ি ঢলের তীব্র স্রোতে একটি সেতুর অংশ ধসে পড়ায় রাঙামাটি-বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়াও সকালে বন্যার পানিতে সোলাইমান নামে এক যুবক নিখোঁজ হন। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

শনিবার (১১ জুলাই) ভোরে উপজেলার দুধপুকুরিয়া রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে গেলে আশপাশের এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।

পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া, নাপিতপুকুরিয়া, ফলাহারিয়া, পূর্ব কুরুশিয়া, ফকিরটিলা ও জমাদার টিলাসহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে শত শত ঘরবাড়ি। উপজেলার সরফভাটাতেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এদিকে, পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ব্রিজঘাট শিলক খালের ওপর নির্মিত বেইলি সেতুর একটি অংশ ধসে নদীতে বিলীন হয়ে গেছে। এতে রাঙামাটি-বান্দরবান সড়কে আন্তঃজেলা যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কের দুই পাশে আটকা পড়েছে অসংখ্য যানবাহন ও যাত্রী।

রাঙ্গুনিয়া উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম জানান, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বেইলি সেতুর একটি অংশ ভেঙে যাওয়ায় সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রয়েছে। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন এবং দ্রুত যোগাযোগ স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, আকস্মিক বন্যায় পানিবন্দী মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে। পাশাপাশি শুকনো খাবার ও জরুরি ত্রাণ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। সেতু ধসের বিষয়টিও সংশ্লিষ্ট দফতরকে জানানো হয়েছে।

/এমএসটি 

Logo