×
Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত থেকে ৩ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

আখাউড়া করেসপনডেন্ট

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:৩৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত থেকে ৩ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত থেকে ৩ কোটি ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের সদস্যরা। 

শনিবার (১১ জুলাই) দুপুরে ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে, শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ আলীনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা উপজেলার ভাগলপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লের এ চালান জব্দ করেন। 

তবে এসময় কাউকে আটক করা সম্ভব না হলেও চোরাচালানে ব্যবহৃত দুটি বাইসাইকেল জব্দ করতে সক্ষম হয়েছে বিজিবি সেনারা।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার ২০১৪/২-এস পিলার সীমান্তের ভাগলপুর এলাকার একটি জঙ্গলে ওঁত পেতে অবস্থান নেয় বিজিবি টহলদল। এ সময় ভারত থেকে দুটি বাইসাইকেলে করে ৭ থেকে ৮ জন ব্যক্তি বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি জওয়ানরা তাদের ধাওয়া করেন।

এসময় চোরাকারবারীরা বাইসাইকেলে রক্ষিত বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে তল্লাশি করে চটের বস্তার ভেতরে কার্টনে টেপ দিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩ হাজার ৯৬০টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। জব্দ করা হয় চোরাচালানে ব্যবহৃত দুটি পুরোনো বাইসাইকেল ও মোবাইল ফোনের ডিসপ্লে।

বিজিবি জানিয়েছে, জব্দ করা ডিসপ্লেগুলোর আনুমানিক মূল্য ৩ কোটি ১৭ লাখ টাকা। উদ্ধার করা মোবাইল ফোনের ডিসপ্লে ও বাইসাইকেল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ যমুনা নিউজকে জানিয়েছেন। 

তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় তার নিয়ন্ত্রণাধীণ সীমাম্ত এলাকায় মাদক ও চোরাচালানসহ সীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার ও সতর্কাবস্থায় রয়েছে বিজিবি। 

/এআই 

Logo