ছবি: নিহত শিক্ষক মো. মুসা
পটুয়াখালীর বাউফলে ইজিবাইক চাপায় মো. মুসা (৫০) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নুরাইনপুর অগ্রণী বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মো. মুসা সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর গ্রামের বাসিন্দা ইউনুস মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসা থেকে এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন মুসা। কালিশুরি-বাউফল সড়ক পারাপারের সময় একটি দ্রুতগতির ইজিবাইক তাকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক মুসাকে মৃত ঘোষণা করেন।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈম শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খুবই সংকটাপন্ন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থাও গ্রহণ করা হয়েছিল। কিন্তু প্রাথমিক চিকিৎসা চলাকালে তিনি মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে প্রাথমিক আলামত সংগ্রহ করেছে পুলিশ। বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
/এসআর