×
Logo

সারাদেশ

বরিশালে ৭টি শিয়াল জবাইয়ের অভিযোগ

মাংস দিয়ে রুটি-পিঠা খাওয়ার পর বিক্রির পোস্ট ঘিরে ফেসবুকে তোলপাড়

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৯:৩৯ পিএম

মাংস দিয়ে রুটি-পিঠা খাওয়ার পর বিক্রির পোস্ট ঘিরে ফেসবুকে তোলপাড়

ছবি: এআই-জেনারেটেড

বরিশালে সাতটি শিয়াল জবাইয়ের পর রান্না করে মাংস দিয়ে রুটি-পিঠা খাওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মাংস বিক্রির বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের পাশাপাশি পশুপ্রেমীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।

বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের ময়দানখোলা এলাকায় এই ঘটনা ঘটে। শিয়াল হত্যার পর ‘নাইম রাজ’ নামের একটি ফেসবুক আইডি থেকে জবাই করা শিয়ালের ছবিসহ মাংস বিক্রির একটি পোস্ট দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ৬০ থেকে ৭০ জনের একটি দল ওই এলাকার জঙ্গলে গিয়ে শিয়ালের আস্তানায় হানা দেয়। মানুষের উপস্থিতি টের পেয়ে শিয়ালগুলো পালানোর চেষ্টা করলে টেটা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সাতটি শিয়াল ধরে ফেলা হয়। পরে স্থানীয় বাজারে নিয়ে সেগুলো জবাই করা হয়। অভিযোগ রয়েছে, ওই দিন রাতেই শিয়ালের মাংস রান্না করে রুটি-পিঠার সঙ্গে খাওয়া হয়।

তারা জানায়, এ ঘটনায় এলাকার বেশ কয়েকজন জড়িত ছিলেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ওই এলাকার বাসিন্দারা বলেন, আইন অমান্য করে শিয়াল হত্যা করে সেই মাংস বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এমন ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।

বন্যপ্রাণী হত্যা এবং তার মাংস বিক্রির প্রচারণা দেশের প্রচলিত বন্যপ্রাণী সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। প্রকৃতির পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী শিয়ালকে এভাবে হত্যা করায় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লোক পাঠানো হয়েছে।

/এসআইএন



Logo