বৈরী আবহাওয়া: বান্দরবানে ১৫ জুলাই পর্যন্ত সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৯:০৭ পিএম
টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে সৃষ্ট ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্যোগের ঝুঁকি বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও বলা হয়, বন্ধের সময় জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নৌপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক ও ট্যুর অপারেটরদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
এর আগে, সোমবার (৬ জুলাই) অবিরাম ভারী বৃষ্টিপাত ও সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির কারণে আগামী ১০ জুলাই (শুক্রবার) পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছিল জেলা প্রশাসন।
/এসআইএন