×
Logo

সারাদেশ

টানা ভারী বর্ষণ-পাহাড়ি ঢলে বিপর্যস্ত তিন পার্বত্য জেলা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৫:২২ পিএম

টানা ভারী বর্ষণ-পাহাড়ি ঢলে বিপর্যস্ত তিন পার্বত্য জেলা

টানা কয়েক দিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত তিন পার্বত্য জেলা। সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।

শুক্রবার (১০ জুলাই) পাহাড় ধসে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন। পানিবন্দি মানুষের মধ্যে দেখা দিয়েছে খাদ্যসংকট। আর জীবিকা হারিয়ে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তবে দুর্গম এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও প্রশাসনের ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।

সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বিপৎসীমার ওপরে থাকায় বান্দরবানের বেশিরভাগ নিম্নাঞ্চল এখনও পানির নিচে। বন্ধ রয়েছে চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ।

চরম দুর্ভোগে পড়েছেন দিনমজুর, কৃষক ও জুমচাষিরা। পানিবন্দি লক্ষাধিক মানুষ ভুগছেন খাদ্যসংকটে। আশ্রয়কেন্দ্রগুলোতে প্রশাসন এবং দুর্গম এলাকায় সেনাবাহিনী ও বিজিবি ত্রাণ সহায়তা দিচ্ছে।

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড়ের মাটি ধসে প্রায় তিন কিলোমিটার সড়ক বন্ধ হয়ে যাওয়ায় খাগড়াছড়ি, দীঘিনালা হয়ে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া রাঙ্গামাটির সঙ্গে খাগড়াছড়ি, মহালছড়ি, লংগদু, বাঘাইছড়ি এবং রাঙ্গামাটি-রাজস্থলী-বান্দরবান সড়কও বন্ধ।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বিভিন্ন এলাকা, সড়ক, হাটবাজার জলমগ্ন থাকায় দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।

এদিকে সাজেকে আটকে থাকা পাঁচ শতাধিক পর্যটককে নিরাপদে ফিরিয়ে আনার খবর জানিয়েছে সেনাবাহিনী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভ্রমণকেন্দ্রগুলোয় যাওয়া থেকে বিরত থাকতে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

/এসআইএন

Logo