পঞ্চগড়ে কাভার্ড ভ্যানের চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু
পঞ্চগড় করেসপনডেন্ট
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৭:১০ পিএম
পঞ্চগড়ের দেবীগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় উর্মী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে দেবীগঞ্জ পৌর শহরের করতোয়া সেতুর পশ্চিম পাশে শ্রী শ্রী গৌড়ীয় মঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উর্মী উপজেলার দেবীডুবা ইউনিয়নের দারারহাট ডাক্তারপাড়া এলাকার ক্ষিতিশ চন্দ্র রায়ের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্ত্রী ও মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য দেবীগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে আসেন ক্ষিতিশ চন্দ্র রায়। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে করতোয়া সেতুর পশ্চিম পাশে মন্দিরসংলগ্ন এলাকায় কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন তারা।
এ সময় পরিবারের অগোচরে উর্মী সেতুর সিঁড়ি বেয়ে মহাসড়কে উঠে যায়। পরে রাস্তা পার হওয়ার সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়।
স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি থামিয়ে চালক ও স্থানীয়রা উদ্ধারকাজে সহযোগিতা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মূসা জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
/এমএসটি