যমুনা টেলিভিশনে সংবাদ প্রচার
নাটোরে পাসপোর্ট অফিসে দুর্নীতি নিয়ে হুইপ দুলুর হুঁশিয়ারি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৭:০২ পিএম
যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর নাটোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অনিয়ম বন্ধে হুঁশিয়ারি দিয়েছেন সরকার দলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এর আগে বুধবার (৮ জুলাই) নাটোর পাসপোর্ট অফিসের ঘুষ-বাণিজ্য ও নানা অনিয়ম নিয়ে সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন
পাসপোর্ট অফিসে অনিয়ম নিয়ে তিনি বলেন, যমুনা টেলিভিশনের নিউজে নাটোরের পাসপোর্ট অফিসের দুর্নীতি সম্বন্ধে আমি অবগত হয়েছি যা অত্যন্ত দুঃখজনক। কারণ আমি বিশ্বাস করি গত ১২ তারিখ নির্বাচনের মাধ্যমে দেশ একটি জবাবদিহিমূলক সরকার পেয়েছে। আমি বিশ্বাস করি এ সরকারের আমলে দেশ একটি সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেশ হিসেবে রূপ নেবে। আগে কি হয়েছে আমি জানি না। আমি বিশ্বাস করি নাটোরের মানুষ আমাকে যতদিন দায়িত্ব দিয়েছে আমি আমার অর্পিত দায়িত্ব পালন করবো।
তিনি আরও বলেন, আমি পাসপোর্ট অফিসের দুর্নীতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা বলেছি। আশা করছি সংশ্লিষ্ট যারা এ ঘটনার সাথে জড়িত, সাধারণ মানুষকে হয়রানি করছে তাদের বিরুদ্ধে ও সিন্ডিকেটের বিরুদ্ধে ঊর্ধতন কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে সরকারের উপর মহলে আমি কথা বলবো।
/এসআর