দুই বছর পর আখাউড়া দিয়ে ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
আখাউড়া করেসপনডেন্ট
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৬ পিএম
দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর আবারও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ট্যুরিস্ট ভিসায় ভারতে যাত্রী পারাপার শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দুই বছর পর প্রথম একজন বাংলাদেশি পাসপোর্টধারী ট্যুরিস্ট ভিসায় ভারত ভ্রমণে যান।
ইমিগ্রেশন জানায়, ভারত আবার ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু করায় বাংলাদেশি যাত্রীদের যাতায়াতও বাড়তে শুরু করেছে। প্রথম যাত্রী ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি ২৮ জুন ভিসার আবেদন করেন এবং ৮ জুলাই ছয় মাস মেয়াদি ট্যুরিস্ট ভিসা পান।
আখাউড়া কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাদরুল হাসান চৌধুরী আকাশ এবং আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের এসআই মো. আব্দুর রহিম জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রথম বাংলাদেশি যাত্রী ট্যুরিস্ট ভিসায় ভারতে যান। তাঁদের আশা, চলতি মাসের মাঝামাঝি থেকে এ পথে যাত্রী পারাপার আরও বাড়বে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছরের ২৫ জুন ঢাকায় দায়িত্ব নেওয়ার পর ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেন। এরপর ২৮ জুন থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রে একযোগে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হয়। কূটনৈতিক মহলের মতে, এই উদ্যোগ দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার একটি ইতিবাচক পদক্ষেপ।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে ভারত সব ধরনের ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ করে দেয়। পরে সীমিত পরিসরে কিছু সেবা চালু হলেও ট্যুরিস্ট ভিসা বন্ধই ছিল। প্রায় দুই বছর পর আবারও এই ভিসা চালু হলো।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ওসি মোহাম্মদ আলাউদ্দিন বলেন, বর্তমানে ভারতীয় নাগরিকরা ট্যুরিস্ট, স্টুডেন্ট ও বিজনেস ভিসায় বাংলাদেশে আসছেন। অন্যদিকে বাংলাদেশিরা চিকিৎসা ও ব্যবসায়িক ভিসায় ভারতে যাচ্ছেন। ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় আগামী দিনে এ পথে যাত্রী পারাপার আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
/এমএসটি