নাটোরে ট্রাকের ধাক্কায় অটোভ্যান যাত্রী নিহত, আহত ৪
সিনিয়র করেসপনডেন্ট, নাটোর
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৫:১৮ পিএম
নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় রান্টু হোসেন নামে ১ অটোভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার সরকার ঢালান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রান্টু হোসেন পাশের গড়মাটি এলাকার জরু প্রামানিকের ছেলে।
পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কয়েকজন যাত্রী নিয়ে একটি অটোভ্যান রাজাপুর বাজার থেকে গড়মাটি বাজারের দিকে যাচ্ছিল। পথে সরকার ঢালান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই অটোভ্যানের যাত্রী রান্টু হোসেন মারা যান। এছাড়া আরও ৪ যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
/এমএসটি