×
Logo

সারাদেশ

ক্ষমতায় টিকে থাকতে পুলিশকে ব্যবহার করেছিল শেখ হাসিনা: সারজিস

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৮:০৯ পিএম

ক্ষমতায় টিকে থাকতে পুলিশকে ব্যবহার করেছিল শেখ হাসিনা: সারজিস

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদারিত্ব বজায় রেখে জনগণের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান।

বুধবার (৮ জুলাই) বিকেলে টাঙ্গাইলের কালিহাতিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আয়োজিত জুলাই পদযাত্রা শেষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, জুলাই অভ্যুত্থানের আগে বাংলাদেশ পুলিশকে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য ইচ্ছামতো ব্যবহার করেছেন। আমরা চাই পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনী কাজের মাধ্যমে তাদের গৌরব ও সম্মান ফিরিয়ে আনুক।

তিনি আরও বলেন, প্রত্যেক রাজনৈতিক দলই ক্ষমতায় থাকলে পুলিশকে ব্যবহার করার চেষ্টা করবে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদি পেশাদারিত্ব বিসর্জন দেন, তাহলে তারা নিজেদের বিবেকের কাছেও জবাবদিহি করতে পারবেন না।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সারজিস বলেন, আগামীর বাংলাদেশে নতুন করে আর শেখ হাসিনা হতে দেবো না। আপনি যদি প্রধানমন্ত্রী হন, তাহলে আপনার দলের নেতাকর্মীরা চাঁদাবাজি, সিন্ডিকেট, মাদক ব্যবসা বা সাধারণ মানুষের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত থাকলে এর দায় আপনাকেই নিতে হবে।

/এমএসটি 

Logo