×
Logo

সারাদেশ

পাহাড়ধসে বান্দরবান-কেরানীহাট সড়ক যোগাযোগ সাময়িক বিচ্ছিন্ন

বান্দরবান করেসপনডেন্ট

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৬:০১ পিএম

পাহাড়ধসে বান্দরবান-কেরানীহাট সড়ক যোগাযোগ সাময়িক বিচ্ছিন্ন

টানা চার দিনের ভারী বৃষ্টির কারণে বান্দরবান-কেরানীহাট সড়কের লাল ব্রিজ এলাকায় পাহাড়ধসে সড়কের ওপর বিপুল পরিমাণ মাটি ও গাছ এসে পড়ায় সাময়িকভাবে বান্দরবান-কেরানিহাট সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

মঙ্গলবার (৮ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে। 

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সড়কের ওপর জমে থাকা মাটি অপসারণের কাজ শুরু করেন। সড়কটি দ্রুত  সচল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও কাজ করছে।

এদিকে টানা বর্ষণের কারণে জেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী ও সড়কে চলাচলকারী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

প্রসঙ্গত, বান্দরবান-কেরানীহাট সড়কটি জেলার প্রধান প্রবেশপথ। এই সড়ক দিয়েই বান্দরবানের সঙ্গে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ পরিচালিত হয়। ফলে পাহাড়ধসের ঘটনায় দূরপাল্লার বাস, পণ্যবাহী যানবাহন ও ব্যক্তিগত যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

/এএন

Logo