×
Logo

সারাদেশ

এইচএসসিতে নকলের দায়ে চাঁদপুরের এক কেন্দ্রের ৭ পরীক্ষার্থী বহিষ্কার

স্টাফ করেসপনডেন্ট, চাঁদপুর

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৫:২০ পিএম

এইচএসসিতে নকলের দায়ে চাঁদপুরের এক কেন্দ্রের ৭ পরীক্ষার্থী বহিষ্কার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একটি এইচএসসি পরীক্ষা কেন্দ্রে নকল করার দায়ে ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৮ জুলাই) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধি দল সুজাতপুর ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শন করে এ ব্যবস্থা নেয়। 

কেন্দ্র সচিব মাসুদ পারভেজ বলেন, অসদুপায়ের দায়ে তাদের অব্যাহতি প্রদান করা হয়। বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে নাউরী আদর্শ কলেজের ৬ জন অনিয়মিত ছাত্র-ছাত্রী ও নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজের একজন নিয়মিত ছাত্রী। কেন্দ্রে প্রবেশের সময়ে তাদের পরিহিত শার্টের মধ্যে লিখে নকল নিয়ে আসেন তারা। পরিদর্শনের সময় তাদের কাছে নকল পাওয়া গেলে ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, সন্দেহ হলে ওই শিক্ষার্থীদের তল্লাশিকালে বড় একটি সাদা কাপড়ে লেখা নকল পাওয়া যায়। যেটিতে প্যারাগ্রাফ, এপ্লিকেশন লিখে আনে। এগুলো জাস্ট ওয়ার্ড চেঞ্জ করে তারা লিখে দিত। এই সাদা কাপড় সেলাই করে অ্যাপ্রনের সাথে নিয়ে এসেছিল।  কেউ কেউ আবার জামা-হাতে লিখে এনেছিল। কেন্দ্র পরিদর্শনের সময় প্রথমে একজনকে ধরা হয়। পরে মোট ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

/এএন

Logo