×
Logo

সারাদেশ

মেহেরপুরে গরু বোঝাই লাটাহাম্বার উল্টে ১ জনের মৃত্যু, আহত ১০

মেহেরপুর করেসপনডেন্ট

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৪:২৯ পিএম

মেহেরপুরে গরু বোঝাই লাটাহাম্বার উল্টে ১ জনের মৃত্যু, আহত ১০

মেহেরপুরের গাংনী উপজেলায় গরুবোঝাই একটি লাটাহাম্বার উল্টে উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। 

বুধবার (৮ জুলাই) দুপুরে গাংনী উপজেলার রায়পুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উজ্জ্বল হোসেন মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর থেকে গরুবোঝাই লাটাহাম্বারটি আলমডাঙ্গা পশুর হাটে যাচ্ছিল। পথে রায়পুর বাজারে একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এতে লাটাহাম্বারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই উজ্জ্বল হোসেনের মৃত্যু হয়। একই ঘটনায় গাড়িতে থাকা আরও ১০ জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি ৪ জন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মাসুদুর রহমান বলেন, দুর্ঘটনায় ১ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, রায়পুর এলাকায় গরুবোঝাই লাটাহাম্বার উল্টে ১ জন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

/এমএসটি 

Logo