নেত্রকোণায় ১৩ বছর পর পিতৃ-পরিচয় পেলো ধর্ষণে জন্ম নেওয়া শিশু
সিনিয়র করেসপনডেন্ট, নেত্রকোণা
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৪:০৮ পিএম
নেত্রকোণায় বিধবাকে ধর্ষণে জন্ম নেওয়া শিশুকে ১৩ বছর পর পিতৃ-পরিচয় দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদন্ডও দেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে নেত্রকোণার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় দেন।
আদালত জানায়, ২০১৩ সালের ১ মার্চ বারহাট্টা উপজেলার স্বল্পদশাল গ্রামের বাসিন্দা মো. হেলাল একই এলাকার এক বিধবাকে জোরপূর্বক ধর্ষণ করেন। উক্ত ঘটনায় একই বছরের ১০ মার্চ ভুক্তভোগীর বোন বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা করেন।
মামলার বিচার চলাকালে ভুক্তভোগীর গর্ভে জন্ম নেওয়া কন্যাশিশু এবং অভিযুক্তের ডিএনএ পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় অভিযুক্তের পিতৃত্ব নিশ্চিত হয়।
মামলার তদন্ত, পুলিশের চার্জশিট এবং ৮ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আদালত এ রায় দেন। রায়ে মো. হেলালকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নূরুল কবীর রুবেল। বাদীপক্ষে আইনজীবী ছিলেন মানবেন্দ্র বিশ্বাস উজ্জ্বল।
/এমএসটি/এসআইএন