ম্যাচ নিয়ে তর্ক; আর্জেন্টিনা সমর্থকের পিটুনিতে ব্রাজিল সমর্থক নিহতের অভিযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০২:১৪ পিএম
আর্জেন্টিনা-মিশরের ফুটবল ম্যাচকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে কুমিল্লায় এক ব্রাজিল সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আর্জেন্টিনা সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলামের বাড়ি নীলফামারী জেলায়। তবে কর্মসূত্রে তিনি কুমিল্লায় বসবাস করতেন।
পুলিশ জানায়, রাতে ম্যাচের সময় মিশর প্রথম গোল দিলে ব্রাজিল সমর্থক শরিফুল ইসলাম উল্লাস প্রকাশ করেন। এসময়, আর্জেন্টাইন সমর্থকদের নিয়ে কটাক্ষ করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে আর্জেন্টিনার সমর্থকরা শরিফুলকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সাথে জড়িতদের শনাক্তে কাজ করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
/এএন