×
Logo

সারাদেশ

১০ বছর ধরে চক্ষু চিকিৎসক সেজে প্রতারণা, অবশেষে ধরা

ব্রাহ্মণবাড়িয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৭:৫১ পিএম

১০ বছর ধরে চক্ষু চিকিৎসক সেজে প্রতারণা, অবশেষে ধরা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রায় ১ দশক ধরে ভুয়া চক্ষু চিকিৎসক পরিচয়ে রোগী দেখার অভিযোগে মো. শহীদুল্লাহ নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৭ জুলাই) উপজেলা সদরের নূরজাহান শপিংমলে অবস্থিত ‘হাজী মুখলেছুর রহমান চক্ষুসেবা কেন্দ্র ও চশমাঘর’-এ অভিযান চালিয়ে জরিমানা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান ভূঁইয়া। 

উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শহীদুল্লাহ চিকিৎসক হিসেবে প্রয়োজনীয় কোনো বৈধ সনদ বা নিবন্ধনের কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়রা জানান, কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা শহীদুল্লাহ প্রায় ১০ বছর ধরে নিজেকে চক্ষু চিকিৎসক পরিচয় দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নবীনগর, নারায়ণগঞ্জের আড়াইহাজার এবং কুমিল্লার হোমনা উপজেলা এলাকায় রোগী দেখে আসছিলেন। এছাড়া, বিভিন্ন চক্ষু হাসপাতালে অপারেশনের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে রোগীদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

জনস্বাস্থ্য রক্ষায় ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া।

/এমএসটি

Logo