খুলনায় ট্রাক উল্টে পড়ল ইজিবাইকের ওপর, প্রাণ গেল ২ জনের
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৫:১৭ পিএম
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে তেলবাহী একটি ট্রাক উল্টে ২টি ইজিবাইকের ওপর পড়ে গেলে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, ইজিবাইক চালক দিদারুল হক এবং যাত্রী তাপস হোড়। তাদের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ৩টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নিজ খামার এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ৩ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, ডিজেলভর্তি ড্রাম বহনকারী একটি ট্রাক জিরো পয়েন্ট থেকে ডুমুরিয়ার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দুটি ইজিবাইকের ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক ও যাত্রী নিহত হন।
আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তাপস হোড়ের স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তিনি চিকিৎসকের কাছে যাওয়ার জন্য স্বামীর সঙ্গে ইজিবাইকে করে খুলনায় আসছিলেন।
পুলিশ আরও জানায়, প্রাথমিকভাবে ট্রাকটির বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/এমএসটি