মেহেরপুরে চুরি যাওয়া ৩০ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, আটক ১
মেহেরপুর করেসপনডেন্ট
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৩:০১ পিএম
মেহেরপুরের গাংনী উপজেলায় বাড়ির নির্মাণকাজ চলাকালে চুরি হওয়া প্রায় ৩০ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোমিন (৩৬) নামে একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গাংনী থানা পুলিশ। আটক মোমিন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামের আলম খানের ছেলে।
পুলিশ জানায়, কুয়েতপ্রবাসী শাহিন আলীর পরিবারের সদস্য নার্গিস খাতুন চুরির ভয়ে ১১ ভরি ১৪ আনা স্বর্ণালংকার মাটির নিচে পুঁতে রেখেছিলেন। পরে বাড়িতে টাইলস বসানোর কাজ চলাকালে গত ৫ জুলাই সেগুলো চুরি হয়।
ঘটনার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। ঝিনাইদহের কালীগঞ্জ এলাকা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরচক্রের ১ সদস্যকে আটক করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোর্শেদ চৌধুরী জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ সময় অভিযুক্তকে আটক করা হয়।
তিনি আরও জানান, চোরচক্রের অন্য সদস্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
/এমএসটি /এনএ