খাগড়াছড়ির পানছড়িতে ট্রিপল মার্ডার
কোন মামলা হইনি এখনো, নিহতদের একজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ
স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:১৮ এএম
খাগড়াছড়ির পানছড়িতে তিন যুবকের নিহতের ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। নিহতদের মধ্যে রিয়েল চাকমা নামে একজনের পরিচয় নিশ্চিত করেছে পানছড়ি থানা পুলিশ। বাকী দুইজনের পরিচয় জানাতে পারেনি।
নিহতদের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮ টার দিকে তাদের লাশের ময়নাতদন্ত হওয়ার কথা থাকলে বৃষ্টির কারনে তা হয়নি।
এর আগে গতকাল সোমবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মধুমঙ্গল পাড়ায় গোলাগুলিতে নিহত হন ৩ যুবক। তারা পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস (মূল) দলের সদস্য ছিলেন বলে জানা যায়। এ ঘটনায় ইউপিডিএফ-জেএসএস পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও জেএসএসের অভ্যন্তরীণ কোন্দলে ঐ ৩ যুবক নিহত হন বলে এক প্রেস বিবৃতিতে জানিয়েছে ইউপিডিএফ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ঐ ৩ যুবক সন্তু লারমা সমর্থিত জেএসএস থেকে দলছুট হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। ঘটনার দিন সকালে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজার থেকে টমটমে করে ফেরার পথে মধুমঙ্গল পাড়ায় পৌঁছালে একটি সিএনজি গ্যারেজের সামনে ঐ তিন যুবককে আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের সন্ত্রাসীরা গুলি করে। এতে তারা ঘটনাস্থলেই নিহত হন।
/এএন