×
Logo

সারাদেশ

ঝড়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৬ জেলে

ষ্টাফ ক‌রেসপন‌ডেন্ট, পটুয়াখালী

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:৪৭ পিএম

ঝড়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৬ জেলে

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার মধ্যে মাছ ধরতে গিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১১ জন জেলের মধ্যে ৫ জন জেলে সাত‌রে অন‌্য ট্রলা‌রে উঠ‌তে পার‌লেও এখনও নিখোঁজ রয়েছেন ৬ জন। তাদের সবার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়।

রোববার (৫ জুলাই) রাত প্রায় ১০টার দিকে পায়রা সমুদ্রবন্দরের ১ নম্বর বয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

উদ্ধার হওয়া জেলেদের অন‌্য ট্রলা‌রের মাধ‌্যমে উদ্ধার হওয়া ৫ জেলেকে গলাচিপায় নিয়ে আসা হচ্ছে। বৈরী আবহাওয়ার কার‌ণে এখন পর্যন্ত তী‌রে আস‌তে পা‌রে‌নি। সোমবার বিকেলে সমুদ্রে মোবাইল নেটওয়ার্ক পেয়ে তারা গলাচিপা থানায় দুর্ঘটনার খবর জানান।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরকে জানানো হয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

নিখোঁজ ৬ জেলেরা হলেন দক্ষিণ পানপট্টি গ্রামের মো. হারুন হাওলাদার, পানপট্টি গ্রামের মো. এমাদুল, গজালিয়া ইউনিয়নের ইচাদী গ্রামের মো. ফোরকান, মো. সায়েম ও মো. আল আমিন এবং গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের মো. আকাশ।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার পানপট্টি ইউনিয়নের বাসিন্দা মো. এমাদুল সিকদারের মালিকানাধীন ট্রলারটি ১১ জন জেলেকে নিয়ে গভীর সাগরে ইলিশ শিকারে যায়। রোববার রাতে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় পাশের একটি ট্রলারের জেলেরা ৫ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও বাকি ৬ জন নিখোঁজ হন।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক জানান, উদ্ধার হওয়া জেলেদের সঙ্গে কথা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে প্রশাসন, কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে।

/এমএসটি

Logo