×
Logo

সারাদেশ

সাজেকে চাপাতার বদলে কীটনাশক দিয়ে চা, অসুস্থ ১২

রাঙ্গামাটি করেসপনডেন্ট

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:০৫ পিএম

সাজেকে চাপাতার বদলে কীটনাশক দিয়ে চা, অসুস্থ ১২

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ভুলবশত চাপাতার পরিবর্তে বিষাক্ত কীটনাশক দিয়ে তৈরি করা চা পান করে অন্তত ১২ জন অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সাজেকের চম্পাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, জুম চাষের কাজ শেষে কয়েকজন শ্রমিক চম্পাতলী গ্রামের একটি চায়ের দোকানে চা পান করতে যান। এ সময় দোকানের কর্মচারী ভুল করে চাপাতার বদলে ধানক্ষেতে ব্যবহৃত 'ফুরাডন' নামের একটি বিষাক্ত কীটনাশক দিয়ে চা তৈরি করেন। 

চা পান করার কিছুক্ষণ পরই কয়েকজনের বমি, মাথা ঘোরা, পেটব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয়। একপর্যায়ে কয়েকজন অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা অসুস্থদের উদ্ধার করে প্রথমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

অসুস্থদের মধ্যে প্রাথমিকভাবে সমরজিৎ চাকমা, রাঙ্গা চাকমা ও ছায়ারাণী চাকমার পরিচয় জানা গেছে। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

/এমএসটি

Logo