×
Logo

সারাদেশ

শিশু রিমা ধর্ষণ ও হত্যা মামলা

মৃত্যুদণ্ড বাতিল করে ২ জনের যাবজ্জীবন; আসামিদের খালাস চাইলেন ভুক্তভোগী পরিবার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৩:২১ পিএম

মৃত্যুদণ্ড বাতিল করে ২ জনের যাবজ্জীবন; আসামিদের খালাস চাইলেন ভুক্তভোগী পরিবার

২০১৭ সালে শরীয়তপুরে স্কুল ছাত্রী শিশু রিমা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সাজা বাতিল করে ২ জনকে খালাস এবং ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৭ জুলাই) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্টের বিশেষ বেঞ্চ এ রায় দেন।

রায়ে রিমাকে ধর্ষণ ও হত্যায় জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় আসামি সেলিম চকিদার ও স্ত্রী স্বপ্না বেগমকে খালাস দেওয়া হয়। এছাড়া, চুন্নু মোড়ল ও নুরু মোড়লকে যাবজ্জীবন দেওয়া হয়। 

মামলার নথিপত্রে দেখা যায়, সাক্ষ্যগ্রহণে নিহত রিমার বাবা ইলিয়াছ চোকদার ও মা আসামিদের অভিযুক্ত করে জবানবন্দি দেননি। আসামিরা এ ঘটনার সাথে জড়িত ছিল না বলেও সাক্ষ্যতে জানান তারা।

এছাড়া, ভুক্তভোগীদের বাবা আসামিদের খালাস চেয়েছেন বলে আইনজীবীদের সূত্রে জানা যায়। বিচারিক আদালতের রায়ের নথিপত্র পর্যালোচনা করে রায় দেন হাইকোর্ট।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশরাফুল আলম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী রিমা আক্তর পাশের বাড়ি গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের দুই দিন পর পার্শ্ববর্তী হাওলাদার কান্দি গ্রামের একটি পরিত্যক্ত ভিটায় রিমার ক্ষতবিক্ষত, পচা মরদেহ পাওয়া যায়।

মরদেহের বুকের মাঝে ধারালো অস্ত্রের আঘাত ও গলায় ফাঁসের চিহ্নসহ পেটের নাড়িভুঁড়ি বের হওয়ার কথা মামলায় উল্লেখ করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ইলিয়াছ চোকদার বাদী হয়ে জাজিরা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১৯ সালে ৭ মে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম খান চুন্নু মোড়ল, তার স্ত্রী স্বপ্না বেগম, নুরু মোড়ল এবং সেলিম চকিদারকে মৃত্যুদণ্ডের রায় দেন।

/এএন

Logo