×
Logo

সারাদেশ

শরীয়তপুর

ছুটি না দেওয়ায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৮:২০ পিএম

ছুটি না দেওয়ায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন প্রধান শিক্ষক আলী আসাদ মিয়া।

গত বৃহস্পতিবার (২ জুলাই) ভেদরগঞ্জ উপজেলার ৮৭ নম্বর আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। 

অভিযোগে আলী আসাদ মিয়া জানান, গত ২ জুলাই সকালে সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন ছুটির আবেদন করলে তিনি তাৎক্ষণিকভাবে ছুটি মঞ্জুর না করে বিদ্যালয়ের দায়িত্ব পালনের অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে দেলোয়ার হোসেন তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি প্রধান শিক্ষকের গলা চেপে ধরেন এবং মাটিতে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন। তার দাবি, প্রধান শিক্ষকের কারণে তার পারিবারিক জীবন ভেঙে গেছে। এ বিষয়টি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং সেই প্রেক্ষাপটেই ঘটনাটি ঘটেছে বলে তিনি দাবি করেন।

/এমএসটি/এএম 

Logo