গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল
চুয়াডাঙ্গা করেসপনডেন্ট
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৮:২৬ পিএম
সারাদেশে খুন, গুমসহ সব হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোট।
শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের কবরী রোড, কলেজ মোড়, কোট মোড় ও শহীদ হাসান চত্বর ঘুরে আবার টাউন মাঠে গিয়ে শেষ হয়।
এর আগে, টাউন মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন 'চুয়াডাঙ্গা-২' আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর রুহুল আমীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন 'চুয়াডাঙ্গা-১' আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে সব রাজনৈতিক হত্যাকাণ্ড ও গুমের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি, জনগণের ম্যান্ডেট অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জোর জানান তারা।
/এমএসটি