সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু
আখাউড়া করেসপনডেন্ট
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৬:৪১ পিএম
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মো. হানিফ মিয়া (২৫) নামের বাংলাদেশি এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নিহতের চাচা মো. বেলাল হোসেন। শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হানিফ আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের মাঝিগাছা গ্রামের হিরণ মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, প্রায় ৬ বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরব যান হানিফ। তিনি মক্কার একটি হাসপাতালে ক্লিনারের কাজ করতেন। কয়েক দিন আগে তার দাদি মারা যাওয়ায় তার নামে ওমরাহ পালন করতে যান তিনি। ওমরাহ শেষে ৩ বাংলাদেশি সহকর্মীকে নিয়ে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
নিহতের চাচা বেলাল হোসেন জানান, বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। পরে সবাই গাড়ি থেকে নেমে সড়কে দাঁড়ালে পেছন থেকে আসা আরেকটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ৩ জন সড়কের আইল্যান্ডে উঠে প্রাণে বাঁচলেও ঘটনাস্থলেই হানিফের মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই পরিবারের সদস্যরা মৃত্যুর খবর পান। হানিফের কর্মস্থলের সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
স্বজনরা জানান, দুই ভাই ও চার বোনের মধ্যে হানিফ ছিলেন সবার বড়। আর মাত্র এক মাস পর দেশে ফিরে তার বিয়ের কথা ছিল। এ জন্য পরিবার পাত্রীও দেখছিল। কিন্তু সেই অপেক্ষা এখন শোকে পরিণত হয়েছে।
হানিফের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করতে সরকারের সহায়তা চেয়েছেন স্বজনরা।
/এমএসটি