এইচএসসি পরীক্ষা
জামালপুরে অনিয়মিত শিক্ষার্থীদের প্রশ্নপত্রে পরীক্ষা দিলো ১০০ নিয়মিত পরীক্ষার্থী
জামালপুর করেসপনডেন্ট
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৫:৪১ পিএম
জামালপুরে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ২০২৫ সালের সিলেবাসভিত্তিক (অনিয়মিত শিক্ষার্থী) প্রশ্নপত্রে অংশ নিয়েছেন ১০০ জন নিয়মিত পরীক্ষার্থী। মূলত ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেওয়ার কথা থাকলেও তাদের ২০২৫ সালের সিলেবাসভিত্তিক প্রশ্নপত্র দেওয়া হয়।
শনিবার (৪ জুলাই) সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। ওই কক্ষের সব পরীক্ষার্থী ছিলেন সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী।
পরীক্ষা শেষে প্রশ্নপত্রে ২০২৫ সালের সিলেবাস উল্লেখ থাকায় বিষয়টি জানতে পারেন পরীক্ষার্থীরা। পরে তাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
ওই কক্ষের এক পরীক্ষার্থী বলেন, পরীক্ষা শেষে প্রশ্নপত্র দেখে বুঝতে পারি, এটি ২০২৫ সালের সিলেবাসের। কলেজ কর্তৃপক্ষ সমাধানের আশ্বাস দিলেও এই ভুলের কারণে ফলাফলে প্রভাব পড়বে কিনা, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।
অভিযোগের বিষয়ে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর শওকত আলম মীর বলেন, কেন্দ্রে প্রশ্নপত্রের ২০টি করে একটি বান্ডেল আসে। ৪২০২ নম্বর কক্ষের জন্য পাঁচটি বান্ডেল খোলা হয়েছিল।
প্রতিটি প্রশ্নপত্রের বান্ডেলের গায়ে ২০২৬ সালের প্রশ্নপত্র লেখা ছিল। কিন্তু ভেতরে ছিল ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্র। পরীক্ষা শুরুর আগে বান্ডেল খুলে প্রশ্নপত্র যাচাই করার সুযোগ না থাকায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সেটিই বিতরণ করেন। পরীক্ষা শেষে বিষয়টি জানা যায়।
তিনি আরও জানান, মূলত এই প্রশ্নপত্র অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য ছিল। ঘটনাটি শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে। বোর্ড থেকে ওই ১০০ পরীক্ষার্থীর উত্তরপত্র আলাদাভাবে পাঠাতে বলা হয়েছে। তাদের উত্তরপত্র ২০২৫ সালের প্রশ্নপত্র অনুযায়ী নমনীয়ভাবে মূল্যায়ন করা হবে বলে জানিয়েছে বোর্ড।
জানা গেছে, সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী ছিলেন ৬৯ জন। আর সব মিলিয়ে কেন্দ্রটিতে ৯ শতাধিক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
/এমএসটি/এসআইএন