×
Logo

সারাদেশ

যমুনায় পানি বৃদ্ধি

টাঙ্গাইলে বিলীন হচ্ছে ফসলি জমি ও স্থাপনা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৭:৫০ এএম

টাঙ্গাইলে বিলীন হচ্ছে ফসলি জমি ও স্থাপনা

যমুনায় পানি বৃদ্ধির সাথে সাথে টাঙ্গাইলে পাল্লা দিয়ে বেড়েছে নদী ভাঙন। যমুনার থাবায় জেলার পাঁচ উপজেলার শত শত স্থাপনা ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হচ্ছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। নিম্নমানের প্রতিরোধ ব্যবস্থার কারণেই প্রতি দুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

তবে, ভাঙনরোধে বরাবরের মতো ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে দায় সেরেছে পানি উন্নয়ন বোর্ড। 

এদিকে, গত মঙ্গলবার থেকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ পশ্চিমপাড়া এবং ভূঞাপুর উপজেলার তারাকান্দি সড়কসংলগ্ন এলাকায় শুরু হয়েছে ভয়াবহ নদীভাঙন। মুহূর্তের মধ্যেই নদীগর্ভে হারিয়ে যায় বসতবাড়ি, গাছপালা। হুমকির মুখে রয়েছে ভূঞাপুর-তারাকান্দি যমুনার বাঁধও।

এদিকে, দিন-রাত অব্যাহত ভাঙনে নিঃস্ব হয়ে পড়েছেন জেলার পাঁচ উপজেলার অসংখ্য পরিবার। কেউ খোলা আকাশের নিচে, আবার কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয়-স্বজনের বাড়িতে। সব হারিয়ে নিঃস্ব মানুষগুলো মানবেতর জীবন-যাপন করলেও পাননি কোন সহযোগিতা।সাধারণ মানুষেরা পানি উন্নয়ন বোর্ডের কাজের মান নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন।  

তবে এসব অভিযোগ মানতে নারাজ পানি উন্নয়ন বোর্ড। কর্মকর্তারা জানান, যমুনার ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভাঙনরোধ কাজ চলমান রয়েছে।

তবে আশ্বাস না দিয়ে দ্রুত সময়ের মধ্যে স্থায়ী বাঁধ দিয়ে চরবাসীদের ভাগ্য পরিবর্তন চায় ভুক্তভোগীরা। 

/এসআর 

Logo