×
Logo

সারাদেশ

যুদ্ধ পরিস্থিতির উন্নতি হলে বৈশ্বিক বাজার আবারও চাঙ্গা হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৮:১৬ পিএম

যুদ্ধ পরিস্থিতির উন্নতি হলে বৈশ্বিক বাজার আবারও চাঙ্গা হবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে রফতানির বাজার কিছুটা সীমিত হয়ে পড়েছে। চলমান দুইটি যুদ্ধের কারণে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে। সাধারণত বিশ্ব পরিস্থিতি স্বাভাবিক থাকলে এক দেশ থেকে আরেক দেশে পর্যটকদের যাতায়াত বাড়ে। 

শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেটের সদর উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে সেই স্বাভাবিক পরিবেশ না থাকায় বৈশ্বিক চাহিদায় সীমাবদ্ধতা দেখা দিয়েছে। এ কারণে শুধু আমাদের নয়, একই ধরনের পণ্য রফতানিকারক প্রতিযোগী দেশগুলোরও রফতানি কিছুটা কমেছে। চলমান যুদ্ধের অবসান হলে বৈশ্বিক বাজার আবার উজ্জীবিত ও চাঙ্গা হবে।

বাজার পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, ৩০টি পণ্য নিয়ে এআই মডেল তৈরি করে বাজারের নজরদারি প্রাতিষ্ঠানিক পর্যায়ে রূপান্তর করার জন্য কাজ করছে সরকার। এই বিষয়টি যদি এই মডেলের আওতায় এনে কার্যকর নজরদারির মধ্যে রাখতে পারি, তাহলে এমন একটি দিন আসবে, যখন এ নিয়ে আর প্রশ্ন করারও প্রয়োজন হবে না। কোনো পণ্য হঠাৎ করে বাজার থেকে উধাও হয়ে যাবে না, আর ৩০ টাকার জিনিসও ১২৫ টাকায় পৌঁছে যাবে না।

বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি সংকটে যেসব শিল্প-কারখানা সমস্যার মধ্যে রয়েছে, সেগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে। যত দ্রুত সম্ভব আনইন্টারাপ্টেড এনার্জি সাপ্লাই নিশ্চিত করে শিল্প-কারখানাগুলো যেন ২৪ ঘণ্টা চালু রাখা যায়, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিলেটের সবজির বাজার প্রসঙ্গে তিনি আরও বলেন, শাকসবজি উৎপাদন ও রফতানিতে দেশের একটি ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে উন্নত প্যাকেজিং ব্যবস্থার অভাবে প্রত্যাশিত হারে রফতানি বাড়ছে না। সারাদেশে যত শাকসবজি রফতানিকারক রয়েছেন, তাদের প্রায় অর্ধেকই সিলেটের। আগামী দিনে সিলেটকে বাংলাদেশের প্রধান শাকসবজি রফতানি হাব হিসেবে গড়ে তোলা হবে।

এছাড়াও সেই লক্ষ্য বাস্তবায়নে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে একটি প্রকল্প নেওয়া হবে, যার মাধ্যমে সিলেটের প্যাকেজিং-সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

/এসআইএন







Logo