×
Logo

সারাদেশ

মাদক ব্যবসা ছেড়ে দিন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না : পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর করেসপনডেন্ট

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৬:৩১ পিএম

মাদক ব্যবসা ছেড়ে দিন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না : পানিসম্পদ মন্ত্রী

মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, মাদক ব্যবসা ছেড়ে দিতে হবে। না হলে কেউ বিপদে পড়লে তাকে উদ্ধারের জন্য কোনো তদবির বা সহায়তা করা হবে না।

শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, ১৭ বছরের আওয়ামী লীগ শাসনামলে কেউ যদি মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে থাকে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ওসিকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কিছু প্রভাবশালী ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও তাদের সেই প্রভাব সাময়িক।

নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে পানিসম্পদমন্ত্রী বলেন, সরকার নারীবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এতে প্রয়োজনীয় খরচ মিটিয়ে অনেক নারী সঞ্চয়ও করতে পারছেন।

তিনি আরও বলেন, একজন মা আর্থিকভাবে সহযোগিতা পেলে এবং সচেতন থাকলে তিনি পরিবারকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন। এর ফলে সন্তানদের শিক্ষার সুযোগ বাড়ে এবং একটি শিক্ষিত জাতি গড়ে ওঠে। তাই এই সহায়তাকে সরকারের ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ হিসেবে উল্লেখ করেন পানিসম্পদ মন্ত্রী।

/এমএসটি/এসআইএন 

Logo