×
Logo

সারাদেশ

জুয়ার টাকা জোগাড়ে ছিনতাইয়ের নাটক, নাটোরে বিকাশ কর্মকর্তা গ্রেফতার

নাটোর করেসপনডেন্ট

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৬:০০ পিএম

জুয়ার টাকা জোগাড়ে ছিনতাইয়ের নাটক, নাটোরে বিকাশ কর্মকর্তা গ্রেফতার

নাটোরে জুয়া খেলার টাকা জোগাড় করতে সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানোর অভিযোগে বিকাশের এক বিক্রয়কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে নাটোর সদর থানা চত্বরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম স্বাধীন হোসেন। তাকে বৃহস্পতিবার রাতে শহরের স্টেশন বাজার এলাকা থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত ১ জুলাই বিভিন্ন এজেন্ট পয়েন্টে লেনদেনের জন্য স্বাধীন হোসেনের কাছে নগদ ২ লাখ টাকা এবং বিকাশ হিসাবের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকার ব্যালেন্স দেওয়া হয়।

পরে তিনি দাবি করেন, সদর উপজেলার নারায়ণপাড়া এলাকায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় জেলা বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের বিজনেস ম্যানেজার সদর থানায় একটি মামলা করেন। 

তদন্তে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন, তথ্য-প্রমাণ সংগ্রহ এবং বিভিন্ন আলামত বিশ্লেষণ করে জানতে পারে, সেখানে কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি।

পরে জিজ্ঞাসাবাদে স্বাধীন হোসেন স্বীকার করেন, জুয়া খেলায় টাকা হারানোর বিষয়টি গোপন করতেই তিনি ছিনতাইয়ের মিথ্যা গল্প সাজিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধারের চেষ্টা চলছে। একই সঙ্গে এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে।

/এমএসটি

Logo