বিশেষ ব্যবস্থায় শনিবার থেকে পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষার্থী
রাজশাহী করেসপনডেন্ট
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:২২ পিএম
প্রবেশপত্র সংক্রান্ত জটিলতার কারণে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অংশ নিতে না পারা বগুড়া ও নাটোরের দুটি কলেজের ১৮ শিক্ষার্থী শনিবার (৪ জুলাই) থেকে পরীক্ষায় অংশ নিতে পারবেন। বিশেষ ব্যবস্থায় তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করছে রাজশাহী শিক্ষা বোর্ড।
শুক্রবার (৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী। তিনি জানান, শুক্রবারই শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার কাজ চলছে। ফলে তারা শনিবার অনুষ্ঠিত বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা থেকে অংশ নিতে পারবে।
শিক্ষা বোর্ড জানায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজের ১০ জন এবং নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের ৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা কলেজের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের কাছে জমা দিয়েছিলেন।
অভিযোগ রয়েছে, শিক্ষার্থীদের জমা দেওয়া অর্থ সময়মতো শিক্ষা বোর্ডে পাঠানো হয়নি। ফলে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি এবং প্রবেশপত্র ইস্যু না হওয়ায় বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি তারা।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের বিষয়ে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তারা বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা দিয়ে পরীক্ষা শুরু করবে। যে সব শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, তাদের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র প্রস্তুত রয়েছে।
এদিকে, এইচএসসি পরীক্ষার প্রথম দিনে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে মোট ২ হাজার ৪৯৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ২১ শতাংশ।
/এমএসটি