মাদারীপুরে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২
স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:০৩ পিএম
মাদারীপুরের শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের নারী ও শিশুসহ ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মোড়লকান্দি এলাকায় শিবচর-কুতুবপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিথি আক্তার নীলপরি উপজেলার ২য় খণ্ড ইউনিয়নের মাদবরকান্দি এলাকার খাইরুল মাদবরের স্ত্রী। নিহত শিশু আয়শা একই এলাকার হারুন মাদবরের মেয়ে।
পুলিশ জানায়, শিবচর উপজেলার ২য় খণ্ড এলাকার নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে বিথি আক্তার নীলপরি (৩৫), শিশু আয়শা (৮) ও আরও কয়েকজন কুতুবপুর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে পেছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই বিথি আক্তার নীলপরি ও তার দেবরের মেয়ে আয়শার মৃত্যু হয়।
দুর্ঘটনায় আরও অন্তত ৩ জন আহত হন। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
/এমএসটি