জামায়াত আমির
দেশের এক ইঞ্চি জায়গা কেন, একটা বালুর ওপরেও কাউকে পা রাখতে দেবো না
নেত্রকোণা করেসপনডেন্ট
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:০১ পিএম
বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সীমান্ত সমস্যা নিয়ে সংসদ থেকে ঐক্যবদ্ধ আওয়াজ উঠলে তা বিশ্বজুড়ে ইতিবাচক বার্তা পৌঁছে দিতো যে বাংলাদেশ একটি ঐক্যবদ্ধ জাতি। বর্তমান সংসদের ৩৪৮ সদস্যই পুরো দেশের মানুষের প্রতিনিধিত্ব করেন। দেশ সবার, তাই দেশের এক ইঞ্চি জমি তো দূরের কথা, একটা বালুর ওপরেও কাউকে পা রাখতে দেবো না।
শুক্রবার (৩ জুলাই) নেত্রকোণা সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, এই জায়গায় আমাদের বিজিবির পাশাপাশি আমরাও বিজিবি হয়ে সেখানে দাঁড়িয়ে যাবো। বিজিবির হাতে অস্ত্র থাকবে, আর আমাদের হাতে থাকবে বুকভরা দেশপ্রেমের অস্ত্র। তা নিয়েই আমরা দাঁড়িয়ে যাবো। বহু জায়গায় আমরা এভাবে দাঁড়িয়ে গেছি বলেই তারা কিছুই করতে পারেনি।
তিনি আরও বলেন, যেসব এলাকায় বর্তমান সরকারি দলের সংসদ সদস্যরা রয়েছেন, সেসব এলাকায় বিভিন্ন বরাদ্দ ও অনুদান দেওয়া হয়েছে। কিন্তু যেখানে বিরোধী দলের সংসদ সদস্য রয়েছেন, সেসব এলাকায় একই ধরনের বরাদ্দ বা অনুদান দেওয়া হয়নি।
জামায়াত আমির বলেন, অথচ যারা দেশের শাসনভার পরিচালনা করেন, তারা দেশের প্রতিটি মানুষ এবং দেশের প্রতি ইঞ্চি ভূমির প্রতি সমানভাবে দায়িত্বশীল। তারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, এলাকা, গোষ্ঠী বা রাজনৈতিক দলের জন্য নন; বরং সমগ্র দেশের জনগণের জন্যই দায়িত্ব পালন করেন।
/এসআইএন