×
Logo

সারাদেশ

নড়াইলে চোর সন্দেহে নির্যাতন, প্রতিবন্ধী যুবকের মৃত্যু

নড়াইল করেসপনডেন্ট

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০২:১১ পিএম

নড়াইলে চোর সন্দেহে নির্যাতন, প্রতিবন্ধী যুবকের মৃত্যু

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগের পর চিকিৎসাধীন অবস্থায় এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আনোয়ার হোসেন (৩২) নড়াইল সদর উপজেলার বাঁশগ্রামের কাওছার মোল্যার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, গত ২৪ জুন সকালে বাড়ি থেকে বের হন আনোয়ার। পরদিন সকালে তারা জানতে পারেন, নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় চোর সন্দেহে তাকে সারারাত গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু জানান, ঘটনার পর আনোয়ারের ভাই গোবরা এলাকার ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এখন সেই মামলার সঙ্গে নতুন করে হত্যার ধারাটি যুক্ত করা হবে।

ওসি আরও জানান, অভিযুক্তরা বর্তমানে পলাতক। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

/এমএসটি

Logo