মুন্সীগঞ্জে নিখোঁজের ৫০ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জ করেসপনডেন্ট
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৪:৩১ পিএম
ফাইল ছবি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের ৫০ দিন পর এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রীসহ ৪ জনকে আটক করা হয়েছে।
নিহত ওই বৃদ্ধ আওলাদ হোসেনের (৬০) মরদেহ সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামে অভিযান চালিয়ে বাড়ির পাশের একটি রান্নাঘরের মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৯ মে থেকে আওলাদ হোসেন নিখোঁজ ছিলেন। পরে ২৩ মে তার ভাই সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরও দীর্ঘদিন তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে তথ্যের ভিত্তিতে নিহতের ভায়রা খায়ের বেপারীর বাড়ির রান্নাঘরের মাটির প্রায় ১০ ফুট নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, আওলাদ হোসেনের প্রথম স্ত্রী নাজমা বেগম মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। অভিযোগ রয়েছে, দ্বিতীয় স্ত্রী তার নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। এতে রাজি না হওয়ায় সাইফুল নামে এক ব্যক্তির সহযোগিতায় পরিকল্পিতভাবে তাকে হত্যাব করে মাটির নিছে পুঁতে রাখেন তার দ্বিতীয় স্ত্রী।
/এমএসটি