ভোলায় ট্রলি চাপায় শিক্ষার্থীর মৃত্যু, মরদেহ কাঁধে নিয়ে সহপাঠীদের বিক্ষোভ
ভোলা করেসপনডেন্ট
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:৩৬ পিএম
লিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ করছেন সহপাঠীরা
ভোলার চরফ্যাশনে মাদ্রাসায় পরীক্ষায় দিতে এসে মালবাহী ট্রলির চাপায় লিয়া আক্তার নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) সকালের দিকে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজার-শশীভূষণ সড়কে এ ঘটনা ঘটে।
লিয়া আক্তার উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের মো. সফিকুল ইসলামের মেয়ে ও স্থানীয় চেয়ারম্যান বাজার ইসলামীয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, মাদ্রাসার পরীক্ষা দিতে বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে লিয়া বাড়ি থেকে বের হয়। পরে জলিল মাঝির বাড়ির সামনে আসলে একটি দ্রুতগামী মালবাহী ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লিয়ার মৃত্যু হয়। পরে সহপাঠীরা ওই সড়কে লিয়ার মরদেহ কাঁধে নিয়ে হত্যাকারী ট্রলি চালকের বিচারের দাবিতে বিক্ষোভ করে।
এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পরে ট্রলির চালক পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে।
/এসআর