×
Logo

সারাদেশ

বাউফলের ডাকাত সর্দার বাচ্চু গ্রেফতার

বাউফল করেসপনডেন্ট

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০২:৫৯ পিএম

বাউফলের ডাকাত সর্দার বাচ্চু গ্রেফতার

ছবি: ডাকাত সর্দার বাচ্চু

পটুয়াখালীর বাউফলে দুটি বসতঘরে ডাকাতি ও পরে স্থানীয়দের গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার মূল আসামি ডাকাত সর্দার বাচ্চুকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। 

মঙ্গলবার (৩০ জুন) রাতে বরিশাল বিভাগীয় শহরে অভিযান চালিয়ে বাচ্চুকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ডাকাত সর্দার বাচ্চু উপজেলার কালাইয়া ইউনিয়নের গাজীর দোকান এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, ২০২৫ সালের ২৩ আগস্ট রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কাশিপুর বাজারে দুটি বাসায় ডাকাতি ও পরে স্থানীয়দের গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার মূল আসামি বাচ্চু দীর্ঘদিন আত্মগোপনে ছিলো। পুলিশ বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে। তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাচ্চুকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বাচ্চু একটি ডাকাত দল পরিচালনা করে এবং বিভিন্ন আলোচিত ডাকাতির ঘটনার মামলায় সে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিল বলেও জানায় পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আজ বুধবার রাতেই ডাকাত বাচ্চুকে নিয়ে থানায় পৌঁছাবে অভিযানকারী পুলিশ দল। বাচ্চুকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। ডাকাত দল সম্পর্কে তথ্য উদঘাটন শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। 

/এসআর 

Logo