×
Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু, মহানন্দায় নিখোঁজ একজন ‎

চাঁপাইনবাবগঞ্জ করেসপনডেন্ট

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:১৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু, মহানন্দায় নিখোঁজ একজন  ‎

‎‎চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীতে পৃথক ঘটনায় দুই স্কুলছাত্রসহ তিনজন পানিতে ডুবে গেছে। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় পদ্মা নদীতে নিখোঁজ দুই স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে মহানন্দা নদীতে নিখোঁজ একজনকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সদর উপজেলার পৃথক দুটি স্থানে এই দুর্ঘটনা ঘটে। ‎

পদ্মা নদীতে ডুবে মারা যাওয়া দুই স্কুলছাত্র হলো সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের রউফ হাজিপাড়া গ্রামের জেম আলীর ছেলে রিফাত (১৬) এবং ইসলামপুর ইউনিয়নের চরতেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। তারা দুজনই স্থানীয় সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, মঙ্গলবার স্কুল ছুটির পর কয়েকজন বন্ধুর সঙ্গে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের আলিমনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে যায় রিফাত ও রাসেল। গোসলের একপর্যায়ে তারা নদীর গভীর পানিতে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা বন্ধুরা বিষয়টি স্থানীয়দের জানালে তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হলে রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৪টার দিকে উদ্ধার অভিযান শুরু করে।

‎চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফ হাসান শুভ জানান, প্রায় আড়াই ঘণ্টা উদ্ধার অভিযানের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়।

‎অন্যদিকে একই দিন দুপুর আড়াইটার দিকে মহানন্দা নদীর রাবার ড্যাম সংলগ্ন এলাকায় মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হন পৌর এলাকার আরামবাগ-আজাইপুর মহল্লার রুহুল আমিনের ছেলে মো. সাকিরুল ইসলাম (৩০)। 

‎চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, পদ্মা নদীতে নিখোঁজ দুই স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে মহানন্দা নদীতে নিখোঁজ সাকিরুল ইসলামকে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল পদ্মা নদীতে সন্ধ্যায় দুই স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধারের পর রাত হয়ে যাওয়ায় মহানন্দা নদীতে উদ্ধার কার্যক্রম পরিচালনা সম্ভব হয়নি। দিনের আলোয় আগামীকাল সকাল থেকে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

/এসআর 

Logo