টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় গ্রেফতার ২
টাঙ্গাইল করেসপনডেন্ট
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৫:১৬ পিএম
সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত বলছেন টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী
টাঙ্গাইলে গৃহবধূ নাজমা আলমকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে স্বর্ণালংকারের অংশ, নগদ টাকা এবং ঘটনার বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন, দেলদুয়ার উপজেলার মৃত মোতালেব সরকারের ছেলে মোশারফ হোসেন (৪২) ও স্বর্ণ ব্যবসায়ী সন্তোষ কর্মকার (৪৫)।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণ ব্যবসায়ী সন্তোষ কর্মকারকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় মোশারফ হোসেনকে আটক করে পুলিশ।
পুলিশ আরও জানায়, মোশারফ হাতুড়ি দিয়ে নাজমা আলমের মাথায় আঘাত করে। পরে তার গলায় থাকা স্বর্ণের চেইন ও হাতে থাকা বালা নেওয়ার চেষ্টা করলে নাজমা বাধা দেন। একপর্যায়ে তাকে হত্যা করে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে মোশাররফ। পরে স্বর্ণালংকার, ব্যবহৃত হাতুড়ি এবং সিসিটিভির ডিভিডি সঙ্গে নিয়ে পালিয়ে যায় সে।
এ ঘটনায়, গ্রেফতার দুই আসামিকে মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত রোববার সকালে গৃহবধূ নাজমা আলমকে নিজ বাড়িতে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।