×
Logo

সারাদেশ

সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন মাদারীপুরের শিক্ষার্থীরা

স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৫:৫৬ পিএম

সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন মাদারীপুরের শিক্ষার্থীরা

জাতীয় সংসদের বাজেট অধিবেশন উপলক্ষ্যে ব্যতিক্রমী শিক্ষা সফরে অংশ নিয়েছেন মাদারীপুরের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী। সফরের অংশ হিসেবে তারা সংসদের বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেন এবং সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন।

সোমবার (২৯ জুন) দুপুরে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন, লেখাপড়া ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সুশিক্ষিত, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এবং মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) জাহান্দার আলী মিয়াও উপস্থিত ছিলেন।

এ শিক্ষা সফরে অংশ নেয় মাদারীপুর সদর উপজেলার ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, মাদারীপুর ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টেকেরহাট পপুলার স্কুল অ্যান্ড কলেজ এবং রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এমপি জাহান্দার আলী মিয়া বলেন, অনেক শিক্ষার্থীরই জাতীয় সংসদ ভবন দেখার ইচ্ছা থাকে। সেই স্বপ্ন পূরণ করতেই এই শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। সংসদ ভবন পরিদর্শনের পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছে বলেও জানান তিনি।

শিক্ষার্থীরা জানায়, জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখা এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তাদের জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। এ ধরনের শিক্ষা সফর পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জনের পাশাপাশি দেশ, গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কে আগ্রহ বাড়াতে এবং দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

/এমএসটি/এএম

Logo