×
Logo

সারাদেশ

শেরপুর সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, ২ জনকে ফেরত পাঠালো বিজিবি

স্টাফ করেসপনডেন্ট, শেরপুর

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০২:৫৩ পিএম

শেরপুর সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, ২ জনকে ফেরত পাঠালো বিজিবি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা সীমান্ত দিয়ে ভারত থেকে ২ ব্যক্তির বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে তাদের ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৯ জুন) সকালে তাওয়াকুচা বিজিবি ক্যাম্প সংলগ্ন সীমান্ত এলাকায় ভারতীয় মানবপাচারকারীরা ওই দুইজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। 

বিজিবি জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) তাওয়াকুচা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে টহলরত সদস্যরা সকাল ৯টা ২০ মিনিটে শেরপুর সীমান্তের মেইন পিলার (এমপি) ১০৯৭-এর পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ওই দুইজনকে আটকায়। পরে তাদের ভারতের দিকে ফেরত পাঠানো হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, মানবপাচারকারীদের মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টা করা ওই দুই ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের যশোর জেলার বাসিন্দা বলে দাবি করলেও কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দুইজন ব্যক্তি রোববার (২৮ জুন) সন্ধ্যা থেকেই কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছিলেন। সকালে ৯ টার দিকে তারা বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে। পরে বিজিবি তাদেরকে আবার সীমান্তের ওপারে পাঠিয়ে দেয়। বর্তমানে তারা পিলারের পাশে নোম্যান্সল্যান্ডে রয়েছে।

তাওয়াকুচা বিজিবি ক্যাম্পের দায়িত্বরত ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমান বলেন, আজ সকালে সীমান্ত এলাকায় দুইজনকে পাওয়া যায়। আমরা তাদের ভারতের সীমানায় পাঠিয়ে দিয়েছি। বর্তমানে তারা ১০৯৭ নম্বর পিলারের পাশে অবস্থান করছেন বলে জেনেছি। সীমান্তে যে কোন ধরনের মানবপাচারসহ সব ধরনের অনুপ্রবেশ ঠেকাতে আমরা সর্বোচ্চ তৎপর রয়েছি।

এদিকে, সীমান্ত এলাকায় মানবপাচারের মাধ্যমে অনুপ্রবেশের এ ধরনের চেষ্টার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন স্থানীয়রা। 

/এএন

Logo