ফরিদপুরে ১৫ গ্রামবাসীর দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০১:৫২ পিএম
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের মানুষ তুমুল সংঘর্ষে জড়িয়েছে। এ ঘটনায় পুলিশসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
রোববার (২৮ জুন) সকাল ৮টার দিকে উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষে জড়ায় তারা।
সংঘর্ষের কারণে ঢাকা-ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
পুলিশ জানায়, পুকুরিয়া বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মানিকদাহ ইউনিয়নের সুলতান মাতুব্বরের সমর্থক ও হামিরদী ইউনিয়নের সিরু মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে। তবে সংঘর্ষ থামানো সম্ভব হয়নি।
পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রায় ৫ ঘণ্টা পর ঢাকা-ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সংঘর্ষ থামলেও বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে।
/এএন