ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে র্যাবের অভিযান; বস্তাভর্তি গাঁজাসহ চালক আটক
আখাউড়া করেসপনডেন্ট
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৬:২২ এএম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢাকাগামী মালবাহী কন্টেইনার ট্রেনে র্যাবের অভিযান চালিয়ে বস্তা ভর্তি গাঁজাসহ ট্রেনের চালককে (লোকো মাস্টার) আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে র্যাব-৯ (সিপিসি-১) ব্রাহ্মণবাড়িয়া দল এ অভিযান চালায়।
র্যাব-৯ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী কন্টেইনার (৬০৩) ট্রেন আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে রাত সাড়ে ১১টায় যাত্রা বিরতি করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে স্টেশনে দাঁড়ানো মালবাহী কন্টেইনার ট্রেনের ইঞ্জিনে তল্লাশি চালায় র্যাব-৯ (সিপিসি-১) ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল। এ সময় ইঞ্জিনের ভেতর থেকে ভারতীয় গাঁজা ভর্তি একটি বস্তা উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রেনের চালক মো. শাহজাহান মিয়া (৫০) কে আটক করে র্যাব।
র্যাব-৯ (সিপিসি-১) কোম্পানি কমান্ডার নূর নবী বলেন, গোপন খবরের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে একটি বস্তা ভর্তি গাঁজা উদ্ধার করি। মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত থাকায় ট্রেন চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তিকে আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ট্রেন চালক মাদক পাচারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই চক্রের সাথে আর কারা জড়িত তা বের করতে তদন্ত চলছে বলেও তিনি জানিয়েছেন।
আখাউড়া রেলওয়ে থানা ওসি আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, র্যাব-৯ (সিপিসি-১) ব্রাহ্মণবাড়িয়া মামলা দিলে মাদকসহ আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
/এএন