রাজবাড়ীতে স্কুল ফাঁকি দেওয়ায় ৪ শিক্ষার্থীকে লাগাতে হবে ৮০০ গাছ
স্টাফ করেসপনডেন্ট, রাজবাড়ী
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১০:২৬ পিএম
রাজবাড়ীর পাংশায় স্কুল ফাঁকি দিয়ে পুকুরে সাঁতার কাটতে যাওয়ায় ৪ শিক্ষার্থীকে অভিনব শাস্তি দিয়েছেন উপজেলা প্রশাসন। শাস্তি হিসেবে তাদের প্রত্যেককে ২০০টি করে মোট ৮০০টি গাছের চারা রোপণের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক এ নির্দেশ দেন।
জানা যায়, দুপুরে উপজেলা পরিষদের পুকুর ঘাটে স্কুল ইউনিফর্ম পরা অবস্থায় ৪ শিক্ষার্থীকে দেখতে পান ইউএনও। পরে তাদের সঙ্গে কথা বলে জানতে পারেন, তারা পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ক্লাস ফাঁকি দিয়ে সেখানে সাঁতার কাটতে এসেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক জানান, বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে বিআরডিবি কার্যালয় থেকে বৃক্ষ বিতরণ অনুষ্ঠান শেষে ফেরার পথে উপজেলা পরিষদের পূর্ব পাশের পুকুর ঘাটে শিক্ষার্থীদের দেখতে পান তিনি। এসময় তারা জানায়, বিদ্যালয় থেকে ছুটি নিয়ে এসেছে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, তাদের কাউকেই ছুটি দেওয়া হয়নি।
তিনি আরও জানান, বিকেলে ওই ৪ শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে নিয়ে এসে বিষয়টি স্বীকার করে এবং তারা শিক্ষকের স্বাক্ষর জাল করে ছুটির আবেদন অনুমোদনের কাগজ তৈরি করে বিদ্যালয় থেকে বের হয়েছিল বলেও স্বীকার করে । অভিভাবকরা ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে প্রতিশ্রুতি দেন। পরে শিক্ষার্থীদের সতর্ক করে আগামী ৭ দিনের মধ্যে প্রত্যেককে ২০০টি করে গাছের চারা রোপণের নির্দেশ দিয়ে ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, উপজেলা পরিষদের ওই পুকুরে এর আগেও সাঁতার কাটতে গিয়ে একজনের মৃত্যু হয়েছিল। এ কারণে সেখানে সতর্কতামূলক সাইনবোর্ড টাঙানো রয়েছে।