×
Logo

সারাদেশ

দিনাজপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, দিনাজপুর

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম

দিনাজপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনি এলাকায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে মধ্যপাড়া ভাদুরি বাজার ঈদগাঁ মাঠের পেছনের একটি পুকুরে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মধ্যপাড়া ভাদুরি বাজার এলাকার তৌহিদ এর স্ত্রী আকলিমা খাতুন (২১), তার চাচা শ্বশুর দুলাল হোসেন এর মেয়ে সুরভি আক্তার (৮) এবং দুলালি আক্তার (১০)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে আকলিমা খাতুনসহ সুরভি আক্তার এবং দুলালি আক্তার। দীর্ঘক্ষণ ধরে তাদের কোন খোঁজ না থাকায় আত্মীয়রা খোঁজাখোজি শুরু করেন। এর কিছুক্ষণ পর পানিতে তাদের দেহ ভেসে উঠলে তাদেরকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনা নিশ্চিত করে বলেন, মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হবে।

/এসআর 

Logo